বিদেশী ল্যাপটপে ৩০ ও মোবাইলে ২০ শতাংশ মূল্য বাড়বে
২০২২-২৩ অর্থবছরের বাজেটে আমদানি করা ল্যাপটপ, প্রিন্টার, কার্টিজ, টোনার ও পোর্টেবল ডাটা প্রসেসিং যন্ত্রের ওপর ১৫ শতাংশ ভ্যাট, মোবাইল ফোনের ওপর ৫ শতাংশ ভ্যাট এবং ইন্টারনেট সেবার ওপর ১০ শতাংশ উৎসে করের প্রস্তাবনা করেছেন আ হ ম মেস্তাফা কামাল
এর ফলে আমাদনী করা ল্যাপটপে ৩০ শতাংশ এবং মোবাইল ফোন কিনতে ক্রেতাদের ২০ শতাংশের মতো খরচ বাড়বে।
অর্থমন্ত্রী বৃহস্পতিবার (৯ জুন) তার বাজেট বক্তৃতায় বলেছেন, ল্যাপটপ ও কম্পিউটার আমদানিতে ১৫ শতাংশ মূসক আরোপ করার প্রস্তাব করছি। এর ফলে পণ্যটি আমদানির ক্ষেত্রে প্রযোজ্য মোট করভার হবে ৩১ শতাংশ। ফলে বাজারে বিক্রি হওয়া ৫০ হাজার টাকার একটি ল্যাপটপ এখন ক্রেতাকে কিনতে হবে ৬৫ হাজার টাকার বেশি দামে, এক লাখ টাকারটা কিনতে খরচ করতে হবে এক লাখ ৩২ হাজার টাকারও বেশি।
অবশ্য প্রযুক্তিপণ্যের ব্যবসায়ীদের সংগঠন বাংলাদেশ কম্পিউটার সমিতির (বিসিএস) সভাপতি সুব্রত সরকার মনে করছেন, এই ঘোষণার পরে মোট করভার হবে ৩২ দশমিক ৫ শতাংশ। এতে করে সব মিলিয়ে আমদানি করা ল্যাপটপের দাম বাড়বে কমপক্ষে ৩০ শতাংশ, যা অনেকের ক্রয়ক্ষমতার বাইরে চলে যাবে।
একইভাবে মোবাইল ফোনের ওপর ব্যবসায়িক পর্যায়ে যে ৫ শতাংশ মূল্য সংযোজন কর (ভ্যাট) আরোপের প্রস্তাব করায় এবং ডলারের মূল্য বৃদ্ধির কারণে প্রতিটি মোবাইল ফোন সেটের দাম কমপক্ষে ২০ শতাংশ বাড়বে বলে জানিয়েছেন মোবাইল ফোন ইমপোর্টার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (বিএমপিআইএ)-এর সাধারণ সম্পাদক জাকারিয়া শহিদ।